বিজয় বার্তা ২৪ ডট কম
ইমারত আইন অমান্যসহ নকশা বহির্ভূতভাবে নির্মাণ করার দায়ে নারায়ণগঞ্জে বিএনপি নেতা দিদারের মালিকানাধীন খন্দকার সফুরা ভিলাকে জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া শহরের আরও ৪ টি নির্মাণাধীন নকশা বহির্ভূত ভবনেও অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের আলম খান লেন, দেওভোগ, বেপারীপাড়া ও পাইকপাড়া এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবনের বহির্ভূত অংশ ভাঙ্গা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও দুটি ভবনে ১ লাখ করে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে দেওভোগ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপি নেতা দিদার খন্দকারের জান্নাত খন্দকার হাউজিং লিমিটেডের খন্দকার সফুরা ভিলা ও আলমখান লেনের আবুল কালাম আজাদের স্টার ভিউ হাউজিং লিমিটেডের স্টার ভিউ থান কমপ্লেক্সকে এক লাখ জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। শহরের বেপারীপাড়া এলাকায় আব্দুল মতিনের তিন তলা ভবনের নকশার অনুমোদন না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও নির্মাণাধীন কাজ বন্ধ করে দেওয়া হয়। এছা্ড়া দেওভোগ এলাকার মাকছুদুর রহমান ও পাইকপাড়া এলাকার মানিক প্রধানের ভবনে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, যে কোনো নির্মাণাধীন ভবনের সামনে রাজউকের অনুমোদিত নকশা ও যাবতীয় তথ্য সম্বলিত সাইনবোর্ড রাখার নিয়ম থাকলেও এখানকার ভবনগুলোর ক্ষেত্রে তা মানা হয় নি। আমরা এখানে এসে কোনো সাইনবোর্ড দেখতে পাইনি। এছাড়া জায়গা না রেখে নকশা বহির্ভূতভাবে অতিরিক্ত জায়গায় নির্মাণ কাজও করা হচ্ছে। এসব নানা অনিয়মের কারণে ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ ধারায় নির্মাণাধীন ৫টি ভবনে অভিযান করে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ ও নকশা বহির্ভূত সীমানার অংশ বিশেষ ভেঙ্গে দেওয়া হয়। রাজউকের অভযান অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজউকের ৮/৩ জোনের অথরাইজড অফিসার এফ.আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার নেয়ামুল জহির, ও ইমারত পরিদর্শক রাজিকুল ইসলাম উর্ধ্বতন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপি নেতা দিদার খন্দকারের সাখে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

