বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছবি তোলাকে কেন্দ্র করে সৃষ্ট কথাকাটাকাটির জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হামলার শিকার বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তাকে উদ্দেশ্য করে গত ১৭ বছর কোথায় ছিলেন—এমন প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলেও পরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়ে যায়।
অকিল উদ্দিন ভূঁইয়ার ভাষ্য, “ঘটনাস্থলেই আমাদের বিরোধের অবসান হয়। পরে আমি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে সামনের দিকে নামাজ আদায়ের জন্য জায়গা খুঁজছিলাম। এ সময় হঠাৎ রনির সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়।”
অভিযোগের বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে তিনি কোন ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, এই ঘটনায় যুবদলের ৪ কর্মীকে ইতিমধ্যে সাংগঠনিকভাবে দলথেকে বহিষ্কার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “হামলার ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

