বিজয় বার্তা ২৪ ডট কম
স্বল্প সময়ে নারায়ণগঞ্জ শহরের বর্জ্য অপসারণ করতে ‘প্রকৃতির বন্ধু’ নামে পরিবেশবান্ধব দুটি অত্যাধুনিক প্রযুক্তির ইলেক্ট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরভবনে আনুষ্ঠানিকভাবে এই গাড়ি দুটির উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
উদ্বোধন শেষে মেয়র আইভী জানান, ৬০ ভোল্টের ব্যাটারিচালিত এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিসম্পন্ন একেকটি গাড়ি প্রতিদিন কমপক্ষে ৫০ কিলোমিটার চলতে সক্ষম। একেকটি গাড়ি প্রতিবার ৮শ’ কেজি বর্জ্য বহনের সক্ষমতা রয়েছে। পাশাপাশি এই গাড়ি শহরের সরু গলিতেও প্রবেশ করতে পারবে এবং বর্জ্য সংগ্রহ করবে।
মেয়র আরো জানান, গাড়ি দুটি সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে দুটি গাড়ি ক্রয় করা হয়েছে। যদি সুফল পাওয়া যায় তবে পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে একটি করে গাড়ি দেয়া হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে ‘প্রকৃতির বন্ধু’ নামের এই গাড়িটি স্বয়ংক্রিয় ঢাকনাযুক্ত হওয়াতে বর্জ্য পরিবহনের সময় আশপাশে দুর্গন্ধ ও জীবাণু ছড়াবে না। অত্যাধুনিক আইওটি প্রযুক্তিসম্পন্ন অ্যাপ ব্যবহার করার ফলে স্বয়ংক্রিয়ভাবে এই গাড়ির অবস্থান জানা যাবে। পাশাপাশি বাসাবাড়ির কলিংবেল অথবা মোবাইল অ্যাপে ময়লা দেবার সংকেত পাঠাবে এই গাড়ি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.এফ.এম এহতেশামূল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল আহসানসহ গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এর আগে ওই দুটি গাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসটেলার কর্পোরেশন। গাড়ি দুটি সরকারের আইসিটি বিভাগের স্ট্যার্টআপ বাংলাদেশ প্রকল্পের একটি অংশ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিজস্ব তহবিল থেকে গাড়ি দুটি ক্রয় করে।

