বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ নেশা জাতীয় ৪৯ হাজার ৯ শত ট্যাপেনটাডল ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে র্যাব। এসময় মাদক বিক্রির নগদ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিষয়টি শনিবার (২৮ জানুয়ারী) সকালে নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
আটককৃতরা হলেন,মোহাম্মদ শাহজাহান ভূইয়া (৩৭) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শাহাড়পাড় এলাকার মৃত মোহাম্মদ আবদুস সামাদ ভূইয়ার ছেলে ও মোঃ আল আমিন (২৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকরা গ্রামের মোঃ ফরিদ আহাম্মেদের ছেলে।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪৯,৯০০ পিছ নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩,২৯০ টাকা এবং ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট অভিনব পন্থায় সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

