বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার রুমে গরম কয়লা ছিটকে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, বন্দর থানাধীন মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীতে বয়লার রুমে ৬ জন শ্রমিক দগ্ধ খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টীম গিয়েছে।
দগ্ধরা হলেন: ফেনির নাহিদ হাসান , পাবনার কামাল হোসেন, নোয়াখালীর তাইজুল ইসলাম, জামালপুরের ফেরদৌস , কুষ্টিয়ার তোরাব আলী ও নারায়ণগঞ্জ আতিকুর রহমান ।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানায় বয়লার রুমে থাকা ওই ৬ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ৬ জনের শরীরেই দগ্ধ হয়েছে। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, “কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।” “কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে”, যোগ করেন ওই কর্মকর্তা।

