বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সড়ক সংস্কার, বিদ্যুৎ ও সড়কবাতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বন্দরের বিভিন্ন সড়ক সংস্কার করা হলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে মদনগঞ্জ ও মদনপুর সড়কের সংস্কার, প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপন এবং সড়কে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ব্রিজে স্কেল বসানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সভায় অনলাইন জুয়ার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। তরুণ ও কিশোরদের অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়া ঠেকাতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সবাইকে অনলাইন জুয়া থেকে দূরে থাকার বিষয়ে অবহিত করা হয় এবং এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানানো হয়।
মাদক নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে কিশোরদের মাদকের সঙ্গে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, মাদকসেবীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করতে তাৎক্ষণিক সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাসে মাদকসংক্রান্ত ২১টি মামলায় ৬৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিন থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর থানা প্রশাসনের ভূমিকার প্রশংসা করা হয়। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, বন্দর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

