বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ভিত্তিক মঞ্চ নাটক “রণাঙ্গনে বীরবাহাদুর” মঞ্চায়িত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী কলেজের বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও রূপগঞ্জ প্রেসক্লাবের পরিবেশনায় সকল সাংবাদিকদের অংশ গ্রহণে নাটকটি মঞ্চায়িত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। অনুষ্ঠান উদ্বোধন করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারন করে বলেন, “মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর তুলনায় তাদের দালাল, আলবদর, আলশামস, রাজাকার বাহিনী মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন জাতি। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ একটি স্বাধীন রাষ্ট্রের মালিক হতে পারতাম না।”
মন্ত্রী বলেন,”বঙ্গবন্ধুর স্বপ্ন দুর্নীতিমুক্ত ও শোষণহীন সমাজ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা চলছে, তা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিতে হবে।”
উদ্বোধকের বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন বলেও জানান।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল অাহমেদ অালমাছ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অাব্দুল অাউয়াল মোল্লা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অাব্দুর রহিম, মুড়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা অাক্তার রিতা, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজিবসহ অনেকে।##

