বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে প্রকাশ্য দিবালোকে সংঘটিত আলমগীর হোসেন হত্যা মামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় প্রধান দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় আদমজীতে র্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেন হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের ভিডিও চিত্র মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
১ এপ্রিল ডিএমপির ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি ওমর ফারুক (৪৬) এবং আব্দুল আলী (৬০) কে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতারকৃত আসমি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করত। পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ গ্রেফতারকৃত আসামিরা সহ আরো ৩০/৩৫ জন নিহত আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙ্গে দেয় ও ধারালো চাকু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় পুলিশ কর্তৃক ভিকটিমকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে ভিকটিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গ্রেফতারকৃত আসামীয়কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয়।

