বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে গণপিটুনী দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এঘটনা ঘটে।
নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিযার ছেলে।
ইন্নু মিয়া জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। এ সংগঠনে অন্তত ৩০/৪০ জন সদস্য রয়েছে। কাউছার তার এ বাহিনীর লোকজন দিয়ে এলাকার অনেক যুবক ছেলেদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে। শনিবার রাত ৮টায় আমার ছেলে সিজানকে বাসা থেকে কাউসারের নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর ও যুবক বয়সের ছেলেরা ধরে নিয়ে যায়। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুটির সাথে বেধে বেধরক পেটানো হয়। তার ডান পায়ে পাইপ দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়া হয়। তখন নিথর হয়ে পড়লে মসজিদের ইমাম কাউসার খুটি থেকে হাতের বাধন খুলে আমার কাছে দিয়ে বলেন চিকিৎসা করো। এরপর খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃতঘোষনা করেন।
মসজিদের ইমাম কাউসার বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ আছে। তাকে বাসা থেকে আনা হয়েছিলো বুজানোর জন্য। সেযেনো খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে গনপিটুনী দেয়। যারা পিটুনী দিয়েছে তারা আমার কেহ না।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা হবে।
