বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়াটিয়া ব্যাচেলর রুম থেকে এক যুবকের পচা বিকৃত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফতুল্লার চাঁনমারী মসজিদ সংলগ্ন বিলকিস আক্তারের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়িওয়ালী বিলকিস আক্তার জানান, নিহতের নাম অপু। তার গ্রামের বাড়ি খুলনা জেলায়। এছাড়া অপুর আত্মীয় স্বজন ও বিস্তারিত ঠিকানা জানা নেই। সে কয়েক বছর যাবত ব্যাচেলর হিসেবে একটি রুমে ভাড়া থাকেন। এক সময় কোন একটি গার্মেন্টসের কর্মকর্তা ছিলেন। দুই বছর হয় চাকুরি নেই বেকার সময় কাটাচ্ছেন।
বাড়িওয়ালী বলেন তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।সকালে দুর্গন্ধ পেয়ে বাসার অন্য ভাড়াটিয়ারা খবর দিলে ঢাকা থেকে ভাড়া দেয়া বাসায় আসেন। এরপর ভিতর থেকে দরজা লাগানো থাকায় জানালার ফাঁকা দিয়ে দেখেন অপুর পচা বিকৃত মৃত দেহ ফ্যানের সাথে ঝুলে আছে। তখন থানায় খবর দেন তিনি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ধারনা করা হচ্ছে ৩/৪ দিন আগে অপুর মৃত্যু হয়েছে। বাড়িওয়ালী তার ভাড়াটিয়ারা অপুর বিস্তারিত ঠিকানা বা আত্মীয়স্বজনের পরিচয় জানেনা। এজন্য প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হবে তার পরিচয় সনাক্তের। পরিচয় পাওয়াগেলে তার আত্মীয়স্বজনকে খবর দেয়া হবে।
ওসি আরো বলেন, থানা থেকে ফতুল্লার প্রত্যেক বাড়িওয়ালাকে অনুরোধ করা হয়েছে ভাড়াটিয়া ফর্ম পুরন করে বাড়ি ভাড়া দিবেন। তারপরও বাড়িওয়ালারা সচেতন হচ্ছেনা। আবারো অনুরোধ করছি বাড়িওয়ালারা নিরাপদ থাকুন ভাড়াটিয়াদের নিরাপদে রাখুন, ফর্ম পূরন করুন।
