বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কুতুবপুরে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে র্যাব-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল এ অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান তিনটিকে এ জরিমানা করা হয়।
জরিমানার মধ্যে আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

