বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার পাগলা এলাকায় শ্রমিকবাহী বাসের চাপায় ইজিবাইক চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইকের দুই যাত্রী। ঘটনার পর বাস ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার।
বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। বাস চাপায় নিহত ইজিবাইক চালকের হাকিম (৩০)। নিহত হাকিম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ফরকীরহাট গ্রামের আজগর আলীর ছেলে। হাকিম ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থেকে নুরু মিয়ার ইজিবাইক ভাড়ায় চালাতেন। আহত যাত্রীদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই রক্তিম জানান, সিদ্ধিরগঞ্জের একটি পোষাক কারখানার শ্রমিকবাহী বাস সকাল ৮টার সময় ঢাকা থেকে ফতুল্লার দিকে আসার পথে পাগলা এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হয়। এসময় আহত হয় আরো দুজন।
তিনি বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে, বাসটি আটক করা হয়েছে। ইজিবাইকটি ধুমড়েমুচড়ে গিয়েছে সেটিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশটি শহরের জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
