বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লীপ-৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯ টি, রাবার সীল ৮ টি, মোবাইল ফোন ২০ টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়।
বৃহষ্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মুকুল মোল্লা (৩০), মোঃ সাইফুল ইসলাম (২৮), মোঃ রাকিব (২৫), মোঃ আলমগীর (৩২), মোঃ নবীন (১৮), মোঃ শফিকুল ইসলাম রানা (৩৫), মোঃ সাখায়েত উল্লাহ (৩০), মোঃ শফিকুল ইসলাম (৪৫), মোঃ ইমরান হোসেন সুজন (৩৪),
মোঃ সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), মোঃ জাহিদ (৪৫), মোঃ মফিজুল (৩৫) ও মোঃ সজিব (৩২)।
রিজওয়ান সাঈদ জিকু জানান, বুধবার (১৫ মার্চ) দুপুরে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকার পৃথক স্থান থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের কাছ থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণা করে আসছে। এর মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে অপরাধ মূলকভাবে ভুক্তভোগী জনসাধারণের বিশ্বাস ভঙ্গ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে। তারা আরো স্বীকার করে যে, জব্দকৃত মোবাইল ফোন দিয়ে বিভিন্ন লোকজনের সাথে দালালির মাধ্যমে পাসপোর্ট তৈরী করে দেওয়ার বিষয়ে যোগাযোগ করতেন এবং বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে। প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

