বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকায় ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নাসির নামে (৫৫) এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে চাঁদমারিতে ডিস ব্যবসার অফিসে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মো: নাসির হোসেন চাঁদমারি এলাকার বাসিন্দা সাফাজউদ্দিনের পুত্র। তিনি চাঁদমারি এলাকায় ডিস ও ইন্টারনেটের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১ টার দিকে নাসিরকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে জখম করা হয়৷ এসময় এক ঘাতক দৌড়ে পালানোর সময় পাশের একটি বাড়ির ভেতর ছুরিটি ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় প্রতিষ্ঠান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্টি হাসপাতালে নেয়া হয়।
এলাকাবাসী জানান,নাসির সবসময় হাসিখুশি ছিলেন। বাচ্চাদের অনেক আদর করতেন। তাকে কেউ হত্যা করতে পারে এটা তারা কল্পনাও করতে পারছেন না।
নিহতের ছোট জাকির হোসেন জানান, দুপুরে তিনি বাসায় যাওয়ার পথে দেখতে পান ডিস অফিসের সামনে তার বড় ভাই নাসির এক নারীর সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পরে এলাকার লোকজন জানায় তার ভাইকে যুবক ছুরিকাঘাত করা হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। পরে তারা খানপুরে হাসপাতালে আসলে জানতে পারেন তিনি মারা গেছেন। তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিহতের স্ত্রী সায়মা বেগম জানান, ডিস ব্যবসা নিয়ে পার্টনার আব্দুস সালাম বাবুর সঙ্গে তার স্বামীর বিরোধ ছিল।ধারনা করছেন সেই বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তিনি ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ইরফান হোসেন জানান, নিহতের শরীরে ৩ টি ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য আমরা ইসিজি করেছি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

