বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পন্যবাহী ট্রাকের চাপায় রাহেলা বেগম ও সাজেদা বেগম নামে দুই নারী গার্মেন্টকর্মী নিহত হয়েছে। তারা দুজনই কুতুবআইলে অবস্থিত টাইমস সুয়েটার গার্মেন্টের শ্রমিক। এঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৮টায় এঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম কুমিল্লা জেলার হোমনা থানার আসাদপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের মেয়ে। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় মোস্তফা মিয়ার বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন। অপরদিকে সাজেদা বেগম পাঠানটুলি আইলপাড়া এলাকার আলী আহমেদের বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গার্মেন্টস ছুটির পর পায়ে হেটে শিবুমার্কেট এলাকায় চৌরাস্তার মোড় দিয়ে লিংক রোড পার হওয়ার সময় ঢাকাগামী একটি পন্যবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাহেলা ও সাজেদা বেগম মারা যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাহেলাকে ভিক্টোরিয়া ও সাজেদাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেন। আটকৃত চালকের নাম নূর হোসেন সে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভাসাটি গ্রামের মৃত. নাছির মিয়ার ছেলে।

