বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও ২ ইউনিট যোগ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগা গোডাউনের পাশেই ছিল একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই দোকানগুলোর মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

