বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মামার বিরুদ্ধে। চাকরির সন্ধানে এসে অভিযুক্ত মামা এ ঘটনা ঘটান।
শনিবার এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা। এর আগে, গত ১৪ আগস্ট সকালে ফতুল্লা মডেল থানার লালপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগীর মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন এবং তার বাবা গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিশুর মায়ের দূর সম্পর্কের চাচাতো ভাই। অভিযুক্ত ব্যক্তি চাকরির সন্ধানে ভুক্তভোগী শিশুদের ভাড়া বাসায় আসেন। ১৪ আগস্ট সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুর মা-বাবা নিজ নিজ কর্মস্থলে চলে যান। ঐদিন দুপুর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। একইদিন বিকেলে ভুক্তভোগী তার মাকে ঘটনাটি জানায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

