বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা পূর্ব দেলপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শনিবার দুপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মো. সাদেকুর রহমানের (৩১) বাবার নাম আব্দুল কাইয়ুম। পরিবারে পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি পঞ্চম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের এএসআই আব্দুল খান ডেইলি বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের চাচা হানিফ জানান, ঘটনার সময় সাদেকুর বাসায় ছিলেন। এ সময় মারুফসহ কয়েকজন পূর্ব দেলপাড়া খাল পাড়ে সাদেকুরকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত ও দুই পায়ের রগ কেটে দেয়।
খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে তাকে প্রথমে খাঁনপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় সাদেকুরকে মৃত ঘোষণা করেন।
