বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে দম্পতিসহ ৫ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
এর আগে রবিবার দুপুরে সদর উপজেলার রামারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আল আমিন, খুশি, রাসেল, আলেয়া ও জামাল।
বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে আগুনে দগ্ধ অবস্থায় ৫ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলআমিন ও খুশির অবস্থা আশাংকাজনক। বর্তমানে ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহানাজ বেগমের দোতলা বাড়ির নিচ তলায় চারটি রুম রয়েছে। আল আমিনের রুমের ডান পাশে বাহিরে গ্যাসের চুলা। দুপুরে খাবারের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় আল আমিনের রুমের দুটি জানালা বন্ধ ছিলো। এতে জমাট বাধা গ্যাস বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আল আমিন ও তার স্ত্রী সুখী বেগমের মুখ, বুক ও শরীরের নিচের অংশ দগ্ধ হয়েছে। এসময় তাদের রুমের দরজা জানালা উড়ে গিয়ে পাশের ফারুকের ভাড়াটিয়া বাড়ির ৪টি রুমের জানালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় বাহিরের আরো কয়েকজন আহত হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষনিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, তাৎক্ষনিকভাবে ধারনা করা যাচ্ছে বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছে। কারন ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবেনা। বিষয়টি তদন্ত করে জানানো হবে।

