বিজয় বার্তা ২৪ ডট কম
কাজ শেষে গভীর রাতে বাড়ি যাওয়ার পথে ২২ বছরের এক গামের্ন্টস কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের ভোলাইল মরাখাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ওই গামের্ন্টস কর্মী নিজেই বাদী হয়ে তিন যুবককে অভিযুক্ত করে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা দক্ষিণ পাড়ার আইয়ুব আলীর ছেলে ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ির ভাড়াটিয়া হৃদয়,পটুয়াখালী জেলার সদর থানার ছাত্তার গাজীর ছেলে ও ফতুল্লা থানার শাসনগাঁও চাদনী হাউজিংয়ের হামিদের বাড়ির ভাড়াটিয়া জহিরুল ও বরগুনা জেলার আমতলী থানার ইসলামপুরের শহিদ হাওলাদারের ছেলে ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ির ভাড়াটিয়া হৃদয় হাওলাদার।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক রকিবুজ্জামান মামলার বরাত দিয়ে জানান ,বাদী গার্মেন্টসে নাইট শিফটের কাজ শেষ করে রাত সাড়ে ৩টার দিকে পায়ে হেঁটে ভোলাইল মরাখাল এলাকায় ভাড়া বাসায় ফিরছিলো। মরাখাল সংলগ্ন শুভ’র চায়ের দোকানে পার্শ্বে পৌঁছামাত্র আটককৃতরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তার মুখ চেপে ধরে রাস্তার পার্শ্বের একটি ঝোপের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে জহিরুলকে আটক করে তবে সঙ্গে থাকা অপর দুজন মো. হৃদয় ও হৃদয় হাওলাদার পার্শ্ববর্তী একটি পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নামা দুজনকে আটক করে।
ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর জানান, গামের্ন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টাকারী তিন যুবককে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

