বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর প্রধান রাজু প্রধানকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু।
গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার পশ্চিম দেওভোগ বাঁশমুলী এলাকার রিয়াজ প্রধানের ছেলে রাজু প্রধান (৩২) ও মাসদাইর ছোট কবরস্থান এলাকার শাহ্জালাল শাক্কুর ছেলে মো. শুভ (২৭)।
এর আগে রবিবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র একটি সুইচ গিয়ার, ছুরি, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর প্রধান রাজুকে তার সহযোগী শুভ সহ গ্রেপ্তার করা হয়েছে। রাজু প্রধানের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী, বিস্ফোরক, অস্ত্র ও ডাকাতি সহ ২১ টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী শুভ এর বিরুদ্ধে মাদক চাঁদাবাজি, ছিনতাই সহ ৭ টি মামলা রয়েছে। তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি আরো বলেন, ইতিপূর্বে যেসব মামলা ছিল তার বিরুদ্ধে সেই মামলাগুলোর ওয়ারেন্ট জারি ছিল এবং ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হবে। গ্রেপ্তার রাজু প্রধান ও তার সহযোগীকে রিমান্ডে আনা হবে। তাদের অপরাধের মদদ দাতা কারা আছে তাদের বের করা হবে এবং তার বাহিনী ও নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়ার চেষ্টা করবো।

