বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার পুরিয়া হেরোইন, ৪৫০ পুরিয়া গাঁজা এবং নগদ ১৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইর রেললাইনসংলগ্ন একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জুয়েল (২৩) ও মো. রমজান (২১)। জুয়েলের বাড়ি লালমনিরহাট সদরে হলেও তিনি পূর্ব ইসদাইরে অবস্থান করতেন। রমজান ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালিয়ে জুয়েলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ৫০০ পুরিয়া হেরোইন, ৩০০ পুরিয়া গাঁজা ও ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করে। একই সময় রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৫০০ পুরিয়া হেরোইন, ১৫০ পুরিয়া গাঁজা এবং ৫ হাজার টাকা জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

