বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত সন্ত্রাসী মাইনুল ইসলাম পাভেল (৩৪) কে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আশিষ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ সঙ্গীয় ফোর্সসহ শাসনগাঁও এলাকায় মাইনুল ইসলাম পাভেলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি তৈরি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল
আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,.“গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—সেসব বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
