বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগ এলাকায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে, ময়নাতদন্ত শেষে আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আব্দুল সাত্তার। এ সময় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি গ্রুপের সদস্যরা তাদের চিনে ফেলে। পরে আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করে। সঙ্গে থাকা এএসআই আবদুস সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।
সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, আনোয়ার সবার আদরের ছিল। তার এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তার স্ত্রী ও দুইটি শিশু সন্তান আছে। তাদের কী হবে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
