বিজয় বার্তা ২৪ ডট কম
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরে বিশাল গণমিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
এর আগে শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া প্রিপেইড মিটার প্রকল্প জনগণের গলার কাটা। এই প্রিপেইড মিটার প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। আমরা প্রয়োজনে হরতাল ডাকবো। কোনরকম ছাড় দিবনা। জনগণের স্বার্থ বিরোধী ইভিএম প্রকল্প যেমন বাতিল করা হয়েছে তেমনি এই প্রিপেইড মিটার প্রকল্পও বাতিল করতে হবে।
অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

