বিজয় বার্তা ২৪ ডট কম
অতিরিক্ত পুলিশ সুপার ( ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ছোট কিন্তু গুরুত্ব বেশি । দেশের একটি অর্থনৈতিক শিল্প সমৃদ্ধি শহর । তাই আইন শৃঙ্খলা জোরদার করেছি । মাদক ও জঙ্গিবাদ হলো আমাদের প্রধান সমস্যা। আমরা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে কাজ করছি তার জন্য পুলিশ বাহিনী ইতিহাসের এক রোল মডেল হয়ে থাকবে । সোমবার সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউস ডে ( উন্মুক্ত দিবস ) উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমরা চেষ্টা করছি সমাজকে জাগ্ৰত করতে । যারা মাদক ও জঙ্গিবাদ করে তারা সংখ্যায় অনেক কম । আমরা যদি নিজেদের ঘর কে ঠিক রাখতে পারি তাহলে সবকিছুই সম্ভব । সমাজের সবাই যদি মাদক ও জঙ্গিবাদ দমনে কাজ করি তাহলে অচিরেই তা বন্ধ হয়ে যাবে । মাদক কিন্তু আমাদের দেশে তৈরি হয় না পাশের দেশ ভারত ও মিয়ানমারের থেকে এগুলো আমদানি করা হয় । আর এই মাদক সেবন করে আমাদের দেশের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে । তিনি আরো বলেন, সমাজের অনেকেই মাদকের সাথে জড়িত । তারা দিনের বেলায় সাদা পোশাকের বেশ ধরে আর রাতের বেলায় এইসব অবৈধ কর্মকান্ড করে থাকে । তাই মাদকের সাথে কোন আপোষ নেই । মাদকের সাথে যেই জড়িত হোক না কেনো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মীর শাহীন শাহ পারভেজ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর অশিত বরণ বিশ্বাস, ১৩,১৪,১৫ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি , আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বার একাডেমী স্কুলের সাবেক অভিভাবক সদস্য মোঃ জামান সর্দার, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি প্রমুখ ।

