স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আওয়ামী লীগের নির্ধারিত জাতীয় সম্মেলনে বাধ সাধলো সারাদেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই আগামী ২৮ মার্চ হচ্ছে না সম্মেলন।
রবিবার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রারম্ভিক বক্তব্যে একথা জানিয়ে দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করতে সন্ধ্যায় বৈঠকে বসে দলটির কার্যনির্বাহী কমিটি। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়।
এদিকে চলতি বছরের ৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ বিভিন্ন কারণে এ তারিখে সম্মেলন হচ্ছে না বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন দলটির নেতারা। তাই সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসেছে দলটি।
গত বুধবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল। সারাদেশ থেকে নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দেবেন। সাথে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন দলের নেতাকর্মীরাও সম্মেলনে আসবেন। যেহেতু এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচন জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব নেতাকর্মী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। এসব বিষয় চিন্তা করে সামনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হতে পারে।
প্রসঙ্গত, ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম ধাপের ৭৩৮টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টিতে ভোট নেয়া হবে। দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।