স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জাতীয়তাবাদী শ্রমিক দলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে নয়াপল্টনে। এ সময়ে প্রতিপক্ষের আঘাতে ধানমণ্ডি থানা শ্রমিক দল সভাপতি বাবুল সরদার মারা গেছেন। সাধারন সম্পাদক আবু কাওসার ভূঁইয়াসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বিএনপি সূত্র জানায়, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর শ্রমিক দল।
অভ্যন্তরীন কোন্দল ও সম্প্রতি ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে অনুষ্ঠান শেষে বিদ্রোহী অংশের নেতারা এ হামলা চালায়। এতে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও ধানমন্ডি শ্রমিক দলের সভাপতি বাবুল সরদারকে কুপিয়ে আহত করা হয়।
একইভাবে হামলায় সাধারণ সম্পাদক আবু কাওসার ভূঁইয়াও আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাবুল সরদারকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।