বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতার জন্যই নারায়ণগঞ্জের মানুষ নৌকা প্রতীকে ভোট দিবে। নৌকার গণজোয়ার তৈরি হয়েছে। ১০০ ভাগ নিশ্চিত নৌকা জয়ী হবে।
রোববার সকালে সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা জানান আইভী।
আইভী বলেন, নাসিক নির্বাচনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বিতর্কিত ভূমিকা পালন করছেন। আমি ওসির পরিবর্তন চাই। এটা ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণের দাবি।
শামীম ওসমানের অবস্থান সম্পর্কে আইভী বলেন, ‘‘ওনি চাইলেও আইনী বাধার কারণে আসতে পারবেন না। তবে সব নেতাকর্মী শুরু থেকে আমার পাশে ছিল, এখনও আছে।’’
অদৃশ্য তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে কিনা প্রশ্নের জবাবে এ মেয়র প্রার্থী বলেন, ‘‘তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যা হোক না কেন ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী শক্ত থাকলে কেউ কিছুই করতে পারবে না।’’
নির্বাচন কমিশনের উদ্দেশে আইভী বলেন, ‘‘প্রথম থেকেই নির্বাচন কমিশনকে বলে আসছি, আমি সরকারি দলের প্রার্থী হিসেবে কোনো প্রকার সুযোগ সুবিধা নিতে চাই না। কোনো পক্ষপাতিত্ব চাই না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা জয়ী হবে।’’ জনগণ যে রায় দিবে তা মেনে নিবেন বলেও এসময় জানান তিনি।
