বিজয় বার্তা ২৪.কম
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ’র পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাচ্ছেনা নিবন্ধনকারীরা। চাকরি না পাওয়ার প্রতিবাদে শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদী সমাবেশ ও অনশন কর্মসূচি করছে নিয়োগ বঞ্চিতরা।
এ কর্মসূচিতে এনটিআরসিএ নিবন্ধিত হয়েও নিয়োগবঞ্চিত থাকা প্রায় পাঁচ হাজার জন দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এসে অংশ নেয়।
অংশ নেওয়া সবাই ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিত বলে জানান ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ’র সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “এনটিআরসিএ নামক প্রতিষ্ঠান পূর্বের ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধিতদের নিয়োগ না দিয়েই আবারও বর্তমানে ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়।”
এনটিআরসিএর বিরুদ্ধে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগও আনেন জাহাঙ্গীর।
তিনি বলেন, “এনটিআরসিএ এ পর্যন্ত প্রায় ৬০ হাজার জাল সনদধারীদের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে। কিন্তু আমাদের বৈধ সনদ থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ প্রদান করছে না।”
কর্মসূচি চলাকালীন দুপুর পৌনে ১টার দিকে অনশনস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি।
