বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭৬২ বোতল ফেনসিডিল ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতাররা হলো, মো. জাবেদ বেপারী, মো. হেলাল উদ্দিন, মো. সাইফুল এবং দিলীপ চন্দ্র রায়। এ সময় তাদের থেকে মাদক বিক্রয়ের ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশ।
তিনি আরো জানান, ডজনখানেক মামলার আসামি মো. জাবেদ বেপারীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকায়। সে নারায়ণগঞ্জ জেলার একজন শীর্ষ মাদক ডিলার। গ্রেফতার অপর আসামি মো. হেলাল উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার সদর থানাধীন দারিয়াপুর এলাকায়। সে একজন শীর্ষ মাদক সরবরাহকারী। এরআগে মাদক পরিবহনের দায়ে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া গ্রেফতার অপর আসামি মো. সাইফুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন বাসন্দি এলাকায় এবং দিলীপ চন্দ্র রায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন রুইগা এলাকার বাসিন্দা।
গ্রেফতার আসামিরা পরস্পরের যোগসাজশে দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জের মাদক ডিলার মো. জাবেদ বেপারীর নিকট সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন (রোববার) দিনাজপুর থেকে মাদকের একটি চালান নিয়ে নারায়ণগঞ্জে পৌঁছালে ফেনসিডিল ও গাঁজাসহ আসামিদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা দেশের সীমান্ত জেলা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

