বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে লিখিত আবেদন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. কাউন্সিলর সাখাওয়াত হোসেন খান। সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ করতে নির্বাচনের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের ওই দাবী জনিয়ে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এ ছাড়াও তিনি এর পাশাপাশি আরেকটি আবেদন ও একটি লিখিত অভিযোগ করেছেন।
বিএনপির এই প্রার্থী তার লিখিত আবেদনে বলেন,’নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীর সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা, ভয়ভীতি প্রদর্শনের সব চেষ্টাকে প্রতিহত করা এবং ভোটকেন্দ্রে নির্বিঘেœ পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য নির্বাচনের সাত দিন আগ থেকে সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচনের পরদিন পর্যন্ত বহাল রাখা উচিত।’
এছাড়াও সাখাওয়াত নির্বাচনী এলাকার ১৭৪টি কেন্দ্রের ৫৩টিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের পৃথক একটি আবেদন করেছেন। সাখাওয়াত তার এ আবেদনে ১ নম্বর ওয়ার্ডে ১ থেকে ১২, ২ নম্বর ওয়ার্ডে ১৩ থেকে ২০, ৩ নম্বর ওয়ার্ডে ২১ থেকে ২৭, ৪ নম্বর ওয়ার্ডে ২৮ থেকে ৩২, ৬ নম্বর ওয়ার্ডে ৩৭ থেকে ৪৩, ১৫ নম্বর ওয়ার্ডে ১০০ থেকে ১০৩, ১৬ নম্বর ওয়ার্ডে ১০৬ থেকে ১১০, ১৭ নম্বর ওয়ার্ডে ১১৪ থেকে ১১৮ এবং ২৩ নম্বর ওয়ার্ডে ১৫০ থেকে ১৫৮ নম্বর কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দাবী করেছেন।
সাখাওয়াত তার তৃতীয় আবেদনে অভিযোগ করে লিখেছেন, গত মঙ্গলবার মধ্যরাতে তার পোস্টার ছিঁড়ে ফেলে সেখানে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভীর পোস্টার টানানো হয়। এছাড়াও তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার টানানোর কাজে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী হাসান, আবুল, গোবিন্দসহ অনেককে ব্যবহার করা হচ্ছে যা অনিয়মতান্ত্রিক ও নির্বাচন আইনের পরিপন্থী।
সাখাওয়াতের আবেদন প্রাপ্তির সত্যতা স্বীকার করে রিটার্নিং কর্মকর্তা নূরুজ্জামান তালুকদার বলেছেন, আবেদনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

