বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরে ১৯ নম্বর ওয়ার্ডের লক্ষারচর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি ও ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে (৪৩) গ্রেপ্তারের সময় স্থানীয় কয়েকশ নারী-পুরুষের বাঁধার মুখে পড়ে পুলিশ। এদিকে সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ফয়সাল মোহাম্মদ সাগর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে লক্ষারচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ফয়সাল মোহাম্মদ সাগর লক্ষারচর এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নাঃগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য এলাকায় গেলে স্থানীয় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন নারী-পুরুষ সড়ক অবরোধ করে গ্রেপ্তারে বাধা দেন। এ সময় তারা হৈচৈ ও চিৎকার করতে থাকেন। একপর্যায়ে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে ফয়সাল মোহাম্মদ সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে এলাকাবাসির বাঁধার মুখে পড়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে লক্ষারচর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
