বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী অগ্রিম ঈদ মেলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন। শুক্রবার সকালে শহরের চাষাঢ়ায় বাঁধন কমিউনিটি সেন্টারের পঞ্চম তলায় জাঁকজমকপূর্ণ এ মেলার আয়োজন করা হয়।

৪৮টি স্টলে ছোট বড় সব বয়সের মানুষের উপযোগী নিত্যনতুন ডিজাইনের দেশী-বিদেশী বিভিন্ন ধরনের পোশাক, জুতা, জুয়েলারি, ব্যাগ ও প্রসাধনীসহ সব ধরণের পণ্য সামগ্রীর পসরা সাজিয়েছে অনলাইন ব্যবসায়ী নারী উদ্যোক্তারা। মেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলায় র্যাম্প মডেল শো, ফ্রি ফটোস্যুট ও মেহেদি উৎসবেরও আয়োজন রেখেছে ইভেন্ট পার্টনার লগ্ন।
ছুটির দিন হওয়ায় প্রথম দিনেই জমে উঠেছে এই ঈদ মেলা। বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও দর্শণার্থীরা মেলায় আসতে শুরু করেন। সন্ধ্যায় মেলাস্থল ছিল ক্রেতাদের উপচে পড়া ভীড়। দাম ক্রয়সীমার মধ্যে হওয়ায় স্বাচ্ছন্দে কেনাকাটায় ব্যস্ত হয়ে হয়ে পড়েন ক্রেতা সাধারণ। রমজান মাসে বিপনী কেন্দ্রগুলোতে ভীড়ের বিড়ম্বনায় না পড়তে আগেভাগেই চাহিদা অনুযায়ী পছন্দমতো পণ্য সামগ্রী কিনতে মেলায় ভীড় করছেন ক্রেতারা।
প্রথম দিনে ভালো বেচাকেনা হওয়ায় মেলার ব্যাপারে আশাবাদি বিক্রেতারাও। ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে সেরা কালেকশনগুলো মেলায় তুলেছেন। এই মেলার মাধ্যমে নিজেদের পরিচিতি সহ ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ পেয়েছেন বলে জানান অনলাইনভিত্তিক নারী ব্যবসায়ীরা।
নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠনের এ্যাডমিন সুহা সামিয়া জানান, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একত্রিত করে সামনের দিকে এগিয়ে নিতে গত তিন বছর ধরে বিভিন্ন উৎসব উপলক্ষে এই ধরনের মেলার আয়োজন করে আসছে তাদের সংগঠনটি। তাদের ক্ষুদ্র প্রচেষ্টার পাশাপাশি সরকারি বেসরকারি ব্যাংকগুলো ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করলে নারী ব্যবসায়ীরা আরো স্বাবলম্বী হতে সক্ষম হবে বলে মনে করেন তিনি।
তিনি আরো জানান, তাদের সংগঠন আয়োজিত বিভিন্ন ইভেন্ট ও মেলায় এরই মধ্যে স্পন্সর করতে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। ব্যাংকগুলো এগিয়ে এলে তাদের সংগঠনের সকল সদস্য নারী উদ্যোক্তাদের নিয়ে সমিতি গঠন সহ সবার উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদি। এ ক্ষেত্রে স্থানীয় ব্যাংকিং সহযোগিতা কামনা করেন তিনি।
নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন আয়োজিত তিনদিন ব্যাপী এই ঈদ মেলা চলবে আগামী ৫ মে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত।
