বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেল চারটার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানজিদ হাসনাত আবুল হাসনাতের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবির একটি দল মোগরাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

