বিজয় বার্তা ২৪ ডট কম
দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর নারায়ণগঞ্জের ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৮৬তম কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সদর উপজেলার ছয়টি ইউনিয়ন, বন্দর উপজেলার চারটি ইউনিয়ন ও রূপগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ইউপি নির্বাচনের ইউনিয়ন পরিষদগুলো হলো, সদরের আলীরটেক, বক্তাবলী, গোগনগর, এনায়েতনগর, কাশীপুর, কুতুবপুর, বন্দরের মুছাপুর, ধামগড়, মদনপুর, কলাগাছিয়া
রুপগঞ্জেরমুড়াপাড়া, গোলাকান্দাইল, ভুলতা, কায়েতপাড়া, ভোলাব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে। ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

