বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে কাঠাম পূজার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়ামিন নাবিল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মন্দিরে আসা লোকজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলাধীন সদর থানা এলাকায় মন্দিরে অনুষ্ঠিত কাঠাম পূজার ভোগসহ জিনিসপত্র ভাঙচুরের এ ঘটনা ঘটে।
ইয়ামিন নাবিল বন্দরের শাহী মসজিদ হাফিজ বাগ এলাকার নূর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ জেলাধীন সদর থানার নয়ামাটি এলাকায় দরিদ্র ভান্ডার শ্রীশ্রী কালী মন্দিরে আসন্ন দূর্গাপূজার প্রস্তুতিমূলক কাঠাম পূজায় ইয়াসিন নাবিল নামে যুবক ফল-ভোগ ও ঘটে লাথি মেরে ফেলে দেয়। এতে উপস্থিত ভক্তরা তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত লোকজনের সম্মুখে আটককৃত ব্যক্তি ইয়াসিন নাবিলকে জিজ্ঞাসাবাদকালে উক্ত ব্যক্তি অসংলগ্ন ও উগ্র বক্তব্য প্রদান করে পূজা বন্ধের দাবি জানায় এবং ঘটনাস্থল ত্যাগে অস্বীকৃতি প্রকাশ করে। উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি ও অনাকাঙ্ক্ষিত কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে পুলিশ তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে যায়।
এদিকে ইয়ামিন নাবিলের পরিবার তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করেন। তবে পুলিশকে উপযুক্ত প্রমান এখনো দেখা পারেনি। তাকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে থানা পুলিশ কর্তৃক তার পরিচয়, মানসিক অবস্থা ও ঘটনার প্রকৃত কারণ যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন এবং অপরাধ) তারেক আল মেহেদী।

