বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সুপারের নেতৃত্বে একটি শোভাযাত্রা পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া পর্যন্ত প্রদক্ষিন করে। শোভাযাত্রায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা সমাপ্ত হবার পর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে পুলিশকে সহায়তা করার জন্য সবাইকে আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় জেলা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন । অতঃপর তিনি পুলিশ লাইন্স স্কুলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, আবৃতি ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া বিকাল ৪.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশ ফতুল্লা থানা ও জেলা পুলিশের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। পুলিশ সুপার নারায়ণগঞ্জ মহোদয় একটি গোল করেন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পরবর্তীতে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সদর থানা কমিউনিটি পুলিশ ও জেলা পুলিশ নারায়ণগঞ্জ এর মধ্যে একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।

