বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির থেকে ৯ দিন ব্যাপী রথযাত্রা উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করতে জড়ো হয়েছেন।
আজ বিকেলে রথযাত্রা দেওভোগ মন্দির ও গোপাল জিউর আখড়া সহ বিভিন্ন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ হয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে শেষ হবে। রথযাত্রা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে। বিকেল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হয়েছেন ভক্তরা। যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রঙিন পতাকা, আলোকসজ্জা আর ঢাক-ঢোলের তালে মুখরিত নারায়ণগঞ্জের রাস্তাঘাট। রথের সামনে এগিয়ে যাচ্ছেন কীর্তনকারীরা।
রথযাত্রার নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দুপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

