নারায়ণগঞ্জে “আগে সংস্কার তারপর নির্বাচন” এই শ্লোগানে সর্বস্তরের জনগনের ব্যানারে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাড়া শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচির মিছিল নিয়ে চাষাড়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এতে বক্তব্য রাখেন, রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী আল আমিন, সাব্বির ইসলাম সহ অন্যান্য ছাত্র-জনতা।
এসময় বক্তারা বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। আগে সংস্কার তারপর নির্বাচন। তা না হলে স্বৈরাচার হাসিনার মতো তাদেরও পতন হবে।
এসময় বক্তারা বলেন, আমরা এদেশ পরিবর্তনের নতুন একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম। আজকে যদি এই নির্বাচন হয় আপনারা কি মনে করেন এ দেশ পরিবর্তন হবে। কখনো হবে না। ১৯৬৯ সালে গনঅভ্যুথানের পর যেসব নির্বাচন হয়েছিল তা কোন পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশ পরিবর্তন সম্ভব হবে।
তারা বলেন, যারা ১৭ বছর বলেছেন জনগন ভোটার অধিকার পায়নি তাদের উদ্দেশ্যে বলছি, আগে গণ পরিষদ নির্বাচন দিন। জনগনের মতামত নিন তারা কি আদৌ নির্বাচন চায় কি চায় না। অধিকাংশই বলবে আমরা নির্বাচন চাই না। যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন তাদের বলছি। আপনারা আগে সংস্কারের পিছনে আসুন। দেশের মৌলিক দাবিগুলো আছে সেগুলো সংস্কার করুন তারপর নির্বাচন কথা বলুন।
