বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আরবান কমিউনিটি ভলান্টিয়াররাও অংশ নেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন হাজিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ নুরুল আলম, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহজাহান মিয়া, আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিরন মিয়া, কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম এবং এবং ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন। বক্তারা বলেন, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো সম্ভব।
সভা শেষে নারগঞ্জে সাম্প্রতিক সময়ে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে করনীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এসব দূর্ঘটনা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের করা হচ্ছে। তিতাসের পুরাতন সঞ্চালন লাইন সংস্কার করাসহ বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি।
