বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজ ও পরিষ্কার ধারণা দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। নির্বাচনী ব্যবস্থার ত্রুটি ও ইতিবাচক দিকগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। এ সময় তিনি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন, গণভোট নিয়ে সেই অর্থে প্রচার হচ্ছে না। সরকার সীমাবদ্ধতার কারণে প্রচারনা চালাতে পারছে না। জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণভোট এবং সমাজ বিনির্মাণে সাংবাদিকদের শক্তিশালী ও সাহসী ভূমিকা পালন করতে পারে।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদ সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং অপতথ্য ও গুজব প্রতিরোধের (ফ্যাক্টচেকিং) কৌশল এবং এআইয়ের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে প্রথমদিনে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং স্বাধীন গণমাধ্যমকর্মী শারমিন রিনভী নির্বাচন কমিশনের কার্যাবলী, নির্বাচনী আইন (আরপিও), আচরণ বিধিমালা ২০২৫ এবং ‘শিকারি সাংবাদিকতা’ রোধ বিষয়ে আলোকপাত করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসেন, পিআইবি’র সহকারী সম্পাদক ও সমন্বয়ক শাহেলা আক্তার।
প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৩১ জন সদস্যসহ জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

