বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. আব্দুল হান্নানের আদালত এই রায় ঘোষণা করেন। যুক্তি উপস্থাপনের সময় আসামি সাইফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরে ছিলেন। সাইফুলের পক্ষে আইনজীবী ছিল না। তিনি নিজেই মামলা পরিচালনা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন জানান, একটি মামলায় মৃত্যুদণ্ডসহ একাধিক মামলায় সাইফুলের সাজা হয়েছে। এর মধ্যে সোনারগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় দিয়েছেন।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে। সাইফুলের দেওয়া তথ্য অনুসারে, তাকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁওয়ের কোনাবাড়ী এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি হ্যান্ডগ্রেনেডের বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি আব্দুল ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
