বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এদেশ হতে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে। আর সেই টাকা দিয়ে এদেশে মাদক এনে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই নদী দূষণ মুক্ত ও পাশাপাশি সমাজ থেকে মাদক কে মুক্ত করতে হবে ।
মঙ্গলবার বিকেল ৪ টায় দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর উদ্যোগে গণসচেতনমূলক প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নদী দূষণ মুক্ত করতে হলে আগে মানুষ দূষণ মুক্ত করতে হবে। এদেশের মানুষ এখন দূষিত হয়ে যাচ্ছে। সারা দেশে মাদকের ছড়াছড়ি আমাদের সন্তানদের দূষিত করে ফেলছে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন ট্যাক্স নিচ্ছে তারপরও তারা ময়লা আবর্জনার দূষিত পানি সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছে। লিংক রোডের পাশে ময়লা ফেলে নাসিক পরিবেশ নষ্ট করে দিয়েছে। সেই জায়গাকে ভরাট করে সেখানে ছেলে মেয়েদের জন্য পার্ক নির্মাণ করা হচ্ছে। তার পাশে এখনও ময়লা ফেলা হচ্ছে। পরিবেশের লোকজন আসে আর পকেট ভারী করে চলে যায়। তাই শীতলক্ষা নদীকে তার আপন রুপ ফিরে পেতে নারায়ণগঞ্জের সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে।
এ সময় ইমেরিটাস প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, দৈনিক আলোকিত বাংলাদেশের যুগ্ম সম্পাদক কাজী আলী রেজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন আহম্মেদ বিটু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক কলামিষ্ট ও অর্গানাইজেশন সেক্রেটারী বাংলাদেশ কলামিস্ট ফোরাম এবং রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুরজ্জামান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সহ সভাপতি এড. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু সহ আরো অনেকেই।
এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল এবং দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন।
উল্লেখ্য এটি দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর চতুর্থ আলোকচিত্র প্রদর্শনী। এই অনুষ্ঠানটি মঙ্গলবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
