বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের যে এক দফা দাবি দিয়েছেন তা দেশের ১৭ কোটি মানুষের ৮৫ ভাগ মানুষই এই দাবির প্রতি সমর্থন করে। এর কারণ, দেশ ও জাতি আজ আওয়ামী লীগের হাতে বন্দি।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এমন মন্তব্য প্রকাশ করেন।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন ফারুক বলেন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হত্যা করেছে এই সরকার। এই সরকার ক্ষমতায় থাকাকালীন দেশে সুষ্ঠু নির্বাচনের কোন সম্ভাবনা নাই। তাই আমাদের আজ শপথ নিতে হবে বিএনপি নেতাকর্মীদের যতই অত্যাচার নির্যাতন ও জেল জুলুম দেওয়া হোক না কেন বাংলাদেশের মাটিতে আর একদিনের জন্য এই সরকারকে ক্ষমতায় রাখতে চাই না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের যে এক দফা দাবি দিয়েছে দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৮৫ ভাগ মানুষ এই দাবির প্রতি সমর্থন করে। তাই যতক্ষণ পর্যন্ত এই সরকার পদত্যাগ না করবে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হবে, গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি আন্দোলনের মাঠে সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাবে।
জয়নাল আবেদিন ফারুক বলেন নারায়ণগঞ্জ সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে, এবং মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের নামে এই সরকারের নির্বাচন নির্বাচন খেলা আর হতে দেওয়া হবে না। জেল-জুলুম কিংবা হামলা মামলা গুম করে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। বিএনপি’র একটি কর্মী জীবিত থাকতে এই দেশে আর নির্বাচন নির্বাচন খোলা হতে দেয়া হবে না। এই সরকার জোর পূর্বক ক্ষমতায় বসে থাকতে পুরো দেশকে কারাগারে পরিণত করতে চায়। যত মামলা আর জেল দেওয়া হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অচিরেই জেলের তালা খুলে দেওয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় কালো পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে শহরের ২নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।

