নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ২টি ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকের ২জন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী ডেলিগেটেড লেনে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম গামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার জন্য চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী অন্য একটি আলু বোঝাই ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া ট্রাকের চালক ও উদ্ধারকারী ট্রাকের চালক উভয়ই ঘটনাস্থলে মারা যায়।
নিহতরা হলেন- শরীয়তপুর সদরের রুদ্রকর গ্রামের গোলাই ঢালীর ছেলে মোঃ সুলতান ঢালী (৫০)। তিনি বিকল হওয়া ট্রাকের চালক ছিলেন। অপর জন শরীয়তপুর জেলার মো. সুমন মিয়া (৪৪)। তিনি উদ্ধারকারী ট্রাকের চালক ছিলেন৷
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, আলু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুজন ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনা এখনও কোন মামলা হয়নি। একজনকে হাইওয়ে পুলিশ আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাইম সিদ্দিক জানান, এঘটনায় আমরা ঘাতক ট্রাক চালককে আটক করেছি এবং ৩টি ট্রাক জব্দ করেছি। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

