বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় গ্যাস থেকে বিস্ফোরণ হওয়া সেই বাসা পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও তিতাসের গঠিত দুটি তদন্ত কমিটি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
তিতাস গ্যাসের নরসিংদী আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছি। কবে নাগাদ প্রতিবেদন জমা দেয়া যাবে- তা এখনো বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার লাইভ বলেন, তদন্ত অব্যাহত আছে। শিগগিরই আমরা রিপোর্ট জমা দিবো। বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। বাকিদের সার্বক্ষণিক খোঁজ নেয়া হচ্ছে।
এ সময় দুটি তদন্ত কমিটির বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানে একজনের মৃত্যু হয়।

