বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজিতে ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে।
এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ নামের এক ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে, মদনপুর এলাকায়। ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজির পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান, নাসির উদ্দিন সাহা নামের এক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তিনি জানিয়েছেন, কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের মদনপুর এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা চোখে পড়লে মুঠোফোনে ধারণ করে সেটি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন। যা মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে মদনপুর এলাকা অতিক্রম করলে ছিনতাইয়ের কবলে পড়া সিএনজিটিও আর দেখতে পাননি। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি সংশ্লিষ্ট থানায়। তবে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে ঘটনার আদ্যপান্ত। এমনটাই জানিয়েছেন কাঁচপুর ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ।
বন্দর থানার অফিসার্স ইনচার্জ লিয়াকত হোসেন জানান, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কোনো জায়গাটিতে এ ঘটনা ঘটেছে তার স্পষ্টভাবে বোঝা যাছে না। তবে মদনপুর থেকে লাঙ্গলবন্দ এলাকার মাঝামাঝি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ভিডিওতে সিএনজিতে থাকা ভেতরে ও বাহিরে দুজনের হাতের চাকু দেখা যাচ্ছে। আসলেই কি তারা ছিনতাইকারী না দুইগ্রুের দ্বন্দ্ব বা অন্য কিছু তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। বিষয়টি চিহ্নিত করার জন্য একাধিক টিম কাজ করছে।

