বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক, হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.) এর স্মরণে ” দোয়া মাহফিল ” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে ফতুল্লার শিবু মার্কেটস্থ আইএবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান।
সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) ছিলেন বাংলাদেশের ইসলামী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এ দেশের ইসলামের বুকে যখন মুহুর্মুহ নাস্তিকেরা আঘাত করছিলো ঠিক তখনই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আগমন করেন। ইসলাম বিরোধী অপশক্তিদের সকল ষড়যন্ত্র পেরিয়ে তিনি হকের উপর আমৃত্যু অবিচল ছিলেন। তিনি ছিলেন লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। তার ইন্তেকালে এ দেশের ইলমি অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা সর্বদা অপূরণীয় থাকবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ) ছিলেন জ্ঞানের বাতিঘর। তার ইন্তেকালের পরও তার হাতে গড়া লক্ষ লক্ষ আলেমেদ্বীন এ দেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। আগামীতে এ দেশে ইসলামের বিরুদ্ধাচারণকারী অপশক্তিদের প্রতিবাদে তার প্রজ্ঞা, ঈমান এবং কর্মপন্থা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে।
বক্তব্য শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ) এর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমিন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলী, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন ও সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম।

