কুষ্টিয়া,বিজয় বার্তা ২৪
কুষ্টিয়ার শহরতলীর বটতৈল শিশির মাঠ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামাকে কুপিয়ে জখম ও হোমিও চিকিৎসক সানোয়ার রহমানকে হত্যা রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের পাশাপাশি কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাব্বুদ্দিন চৌধুরী জানান, এই হত্যা কি কারণে করা হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত না। পূর্বশত্রুতার জেরে এমন হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলার টার্গেট শিক্ষক ছিলেন না, তার সহযোগী হোমিও চিকিৎসক সানোয়ার রহমান টার্গেট ছিলেন। তবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এমন নির্দয়ভাবে কোপানোর কারণে এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, নিহত চিকিৎসক সানোয়ারের বাসা কুষ্টিয়া শহরের মজমপুরে। শিশিরপাড়া মাঠ এলাকায় এক বাংলো বাড়িতে প্রতি শুক্রবার গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা দিতেন তিনি। ওই ভবনের জমি নিয়ে এলাকার বেশ কয়েকজনের সঙ্গে সমস্যা চলছিল। তাই এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ওই চিকিৎসক বাউলভক্ত ছিলেন। তাই অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গুরুতর আহত ইবির শিক্ষক সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বটতৈল থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন সাইফুজ্জামান ও সানোয়ার রহমান। এ সময় শিশির মাঠ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সানোয়ার নিহত হন ও সাইফুজ্জামান গুরুতর আহত হন।